images

খেলা / ফুটবল

ক্লাব ফুটবলে ফেরার আগে ব্যাট হাতে জাদু দেখালেন বেলিংহ্যাম!

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০১:০৯ পিএম

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ছুটি কাটিয়ে আগামী সোমবার ক্লাবে ফিরবেন। তবে এর আগে ব্যাট হাতে দেখা গেল এই রিয়াল মাদ্রিদ তারকাকে।

আর বল হাতে ছিলেন পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক। ক্রিকেট ও ফুটবলের দুই তারকার এই ব্যতিক্রমী মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন বেলিংহ্যাম। বার্মিংহাম ফিনিক্সের অন্যতম মালিক হওয়ায় ম্যাচের ফাঁকে ক্রিকেটের স্বাদও নেন তিনি। তখনই কয়েকটি বল করেন পাকিস্তানি স্পিনার উসমান তারিক। রহস্যময় স্পিন সামলাতে ব্যাট হাতে চেষ্টা করেন বেলিংহ্যাম।

আরও পড়ুন
LITopy_20260713_183109337

ভিনিসিয়ুসকে নিয়ে বড় সুখবর দিলেন মরিনহো

পুরো ঘটনাটি উপভোগ করেন মাঠে থাকা দর্শকরা, পরে বার্মিংহাম ফিনিক্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
উসমান তারিকের বোলিংয়ের বিশেষত্ব তার অস্বাভাবিক অ্যাকশন ও বৈচিত্র্যময় স্পিন। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ ব্যাটারকেও তার বল বুঝতে বেগ পেতে হয়েছে। সেই স্পিনই এবার সামলানোর চেষ্টা করলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা বেলিংহ্যাম।

মাত্র ২৩ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বেলিংহ্যাম। বরুশিয়া ডর্টমুন্ডে আলো ছড়ানোর পর বর্তমানে খেলছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। 

ইংল্যান্ড জাতীয় দলেরও অন্যতম নির্ভরতার নাম তিনি। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।

ক্রিকেট ও ফুটবলের দুই ভিন্ন জগতের এই ব্যতিক্রমী মেলবন্ধন দারুণভাবে উপভোগ করেছেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই সেটি ভাইরাল হয়ে যায়। 

উসমান তারিকের রহস্যময় স্পিনের বিপক্ষে ব্যাট হাতে বেলিংহ্যামকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। দ্য হানড্রেডের এবারের আসরের অন্যতম আলোচিত মুহূর্তেও পরিণত হয়েছে এই দৃশ্য।

আরটিভি/এসআর