সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৭:০৯ পিএম
বিশ্বকাপে বিদায়ের পর প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে ছুটি কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঠের বাইরে থাকলে দলবদল ইস্যুতে খবরের শিরোনামে ছিলেন এই ব্রাজিলিয়ান। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি বেতন বাড়াতে দাবি তুলেছেন তিনি। কিন্তু আগের বেতনেই ভিনিকে রাখতে চান স্প্যানিশ জায়ান্টরা।
ফলে ক্লাবের সঙ্গে এই ফুটবলারের দূরত্ব এখন সারা বিশ্বের জানা। তবে ভেতরের এসব টানাপড়নের মাঝেই নির্ধারিত সময়েই ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন এই তারকা ফুটবলার।
সোমবার (৩ আগস্ট) সিউদাদ রিয়াল মাদ্রিদে দিনের প্রথম অনুশীলন সেশন সম্পূর্ণ করেছে। দলের সাথে নতুন সেশনে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম ডিয়াজ ও বের্নার্দো সিলভা। হেড কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানে এই সেশনটি সম্পন্ন হয়।
অনুশীলনে যোগ দিলেও রিয়াল মাদ্রিদে ভিনির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইএসপিএনের একাধিক সূত্রের দাবি, বর্তমানে বিষয়টি অনেকটাই ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রিয়াল মনে করছে, এখন হয় তিনি নতুন চুক্তিতে সই করবেন, নয়তো অন্য ক্লাবে যাওয়ার পথ বেছে নেবেন।
রিয়ালের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের নতুন কোনো বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে। গত মৌসুমেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে চুক্তি নবায়নে কোনো তাড়াহুড়ো করতে চাননি ভিনিসিয়ুস।
এদিকে, ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভিনিসিয়ুসের সঙ্গে আর্সেনালের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে এর আগে ইএসপিএন জানিয়েছিল, সম্ভাব্য এই ট্রান্সফারের আর্থিক দিক নিয়ে কাজ করছে লন্ডনের ক্লাবটি।
২০১৮ সালে কিশোর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে রানার্সআপ হয়েছিলেন এই ফরোয়ার্ড।
তবে গত মৌসুমে তৎকালীন কোচ জাবি আলোনসোর অধীনে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার পর তার প্রকাশ্য অসন্তোষ আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারায় ক্লাবের পরিবেশও কিছুটা চাপের মধ্যে রয়েছে।
এর মধ্যেই দল পুনর্গঠনে সক্রিয় রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া উইঙ্গার ইয়ান ডিওমান্দের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও দলে টানার ব্যাপারে আশাবাদী লস ব্লাঙ্কোস।
আরটিভি/এসআর