ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। ছবি: এএফপি

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

একই সঙ্গে প্রতিযোগিতা সফল করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেশিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, আমরা চাই সারাদেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

আরও পড়ুন

তিনি জানান, প্রতিযোগিতাকে সারাদেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। দল গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এডিপির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোকে মাঠপর্যায়ের আয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে তৃণমূল থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি করা সম্ভব হয়। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলে স্থানীয়ভাবে মাঠগুলো খেলার উপযোগী করা সহজ হবে।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্ব সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
এমএলএস প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুঁড়ে মেরে সমালোচনায় ভাসছেন তিনি। সেই সঙ্গে লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) প্রথমার্ধের শেষদিকে মায়ামি যখন ১-০ গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েছে, ঠিক তখনই তাপিয়ার দিকে বল ছুঁড়ে মারেন মেসি। রেফারি অ্যা-লেন চাপমান দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।  তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ লরেন্ট কোর্টোয়া দাবি করেন, মেসির ক্ষেত্রে শাস্তিটা বেশ নমনীয় ছিল। কোর্টোয়া বলেন, সবাই জানে যে তিনি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তির যোগ্য ছিলেন। এটি সত্যিই খুব দুঃখজনক। অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন রেফারি চ্যাপম্যান। তিনি জানান, বল ছুঁড়ে মারার ক্ষেত্রে ব্যবহৃত বল প্রয়োগ সামান্য ছিল এবং ঘটনাটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ বা সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। ব্যবহৃত বল প্রয়োগ ছিল নগণ্য, এবং অপরাধটি সহিংস আচরণের মাত্রায় পৌঁছায়নি। এর আগে শুরুতেই পেনাল্টি হজম করে চাপে পড়ে মায়ামি; পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। এরপর নিজের জোড়া গোল পূর্ণ করে কলম্বাসের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তাপিয়া। এই হারে প্লে-অফ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও তার দলকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস। আরটিভি/এসআর
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল দিয়ে আঘাত, সমালোচনায় ভাসছেন মেসি
ঘরের মাঠে লজ্জার হার মেসিদের, বিদায়ের আশঙ্কায় মায়ামি
টানা দ্বিতীয়বার এমএলএস কাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে ১০ জনের মায়ামিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বাস ক্রু। কলম্বাসের হয়ে জোড়া গোল করেছেন চিলির জাতীয় দলের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া।  শনিবার (২১ নভেম্বর) ম্যাচে শুরু থেকেই মায়ামির রক্ষণে চাপ তৈরি করে কলম্বাস। ২৪ বছর বয়সী তাপিয়া ছিলেন দুর্দান্ত ছন্দে। শুরুতেই মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ফাউলে পেনাল্টি আদায় করেন তিনি। পরে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে আরও বড় বিপদে পড়ে মায়ামি। প্রতিপক্ষের স্টিফেন মোরেইরাকে লক্ষ্য করে বিপজ্জনক ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো লুহান। ১০ জন নিয়ে খেলা মায়ামির জন্য ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে মায়ামির একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির পরিচিত ফ্রি-কিক থেকেও দারুণ ডাইভ দিয়ে বল ঠেকান তিনি। প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাপিয়ার মুখ লক্ষ্য করে থ্রো-ইন ছুড়ে দেওয়ার ঘটনায় মেসি লাল কার্ড থেকে বেঁচে যান বলে মনে করা হয়। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। ৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে তাহা হারব্রুন গোল করেন। এরপর ৫৮ মিনিটে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এখন সিরিজে টিকে থাকতে হলে আগামী শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে মেসিদের। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
ঘরের মাঠে লজ্জার হার মেসিদের, বিদায়ের আশঙ্কায় মায়ামি
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিন শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনাকে চাপে রাখল তারা। শনিবার (২১ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাতে ৬ মিনিটের মধ্যে পাবলো দুরানের গোলে লিড নিয়ে হোসে মরিনিওর দলকে চমকে দেয় সেল্টা। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব। কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করেন।  দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জুড বেলিংহ্যামের গোলে সমতা আনে স্বাগতিকরা। তারপর বদলি নেমে কার্লোস এসপি করেন জয়সূচক গোল। নতুন মৌসুমে দুরান শুরুতে লিড এনে দিলে আবার সেই হারের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় ভক্ত-সমর্থকদের মনে। মাদ্রিদের রক্ষণভাগ অরক্ষিত হয়ে পড়লে সুযোগ তৈরি করেছিল সেল্টা। উগো আলভারেজের শট সরাসরি থিবো কোর্তোয়ার কাছে যায়। বাঁ দিক থেকে আতঙ্ক ছড়ান উইলিয়ট সুইডবার্গ। এমবাপ্পে ও আর্দা গুলার শট খুঁজে পেতে হিমশিম খান। সুইডবার্গ আরও দুটি ভালো সুযোগ তৈরি করেন। প্রথম শট সাইড নেটে আটকায় এবং পরে কোর্তোয়া দারুণ সেভে তাকে থামান। ৩৯তম মিনিটে মাদ্রিদ সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। জাভি রদ্রিগেজ এমবাপের জার্সি ও হাত ধরে টান দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।  ফরাসি তারকার গায়ে সামান্য স্পর্শ লেগেছিল। তিনি ক্রসবারের ওপর দিয়ে বল মারলে সেল্টা মনে করেছিল, ন্যায়বিচার পেয়েছে তারা। নাদাল এমবাপ্পের পেনাল্টি মিসে মাথায় হাত দেন। ৫৭ মিনিটে মরিনিও মাঠে নামান ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান তারকা নামেন বার্নার্ডো সিলভার বদলি হিসেবে। দ্রুত তিনি সমতাসূচক গোলে অবদান রাখেন।  কোর্তোয়া দুরানের একটি শট শক্ত হাতে রুখে দেন, তারপর ভিনিসিয়ুস বাঁ দিক দিয়ে দৌড়ে এমবাপ্পের দিকে বল বাড়ান। বেলিংহ্যাম বল পায়ে নিয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে জাল খুঁজে পান। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে জয়সূচক গোল করে রিয়াল।  বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রস। ছয় মিনিট আগে মাঠে নামা এসপি লক্ষ্যে হেড করেন। সেল্টা কিপার ইয়োনাত রাদু সেই প্রচেষ্টা ফিরিয়ে দেন, কিন্তু ফিরতি শটে জাল কাঁপান এসপি। ২১ বছর বয়সী ফুটবলার এর আগে বদলি নেমে এস্পানিওল ও এলচের বিপক্ষে শেষ দিকে গোল করে রিয়ালকে জয় এনে দেন। এই জয়ে রিয়াল পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁল। ১৩ ম্যাচ শেষে মাদ্রিদ ক্লাবের পয়েন্ট ৩৩। রোববার ভিয়ালিয়ালের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে হার এড়াতে পারলেই রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়বে বার্সেলোনার। আরটিভি/এসআর
এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদকে জেতালেন সুপারসাব এসপি
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানইউর বড় ম্যাচ আছে। এ ছাড়াও রোববার (২২ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়েলিংটন টেস্ট, ৪র্থ দিন নিউজিল্যান্ড–ভারত ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ এশিয়া কাপ রাইজিং স্টারস ভারত ‘এ’–পাকিস্তান ‘এ’ বিকেল ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ হাল সিটি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–ভিয়ারিয়াল রাত ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড গেতাফে–অ্যাতলেটিকো মাদ্রিদ রাত ২টা, ট্যাপম্যাড ও ফ্যানকোড সিরি আ আতালান্তা–ইন্টার মিলান রাত ১–৪৫ মি., জি ফাইভ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তারা, গড়তে চান একাডেমি
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা কতটা গভীর তা পুরো পৃথিবীর কাছে দৃশ্যমান। তাই বাংলাদেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে দুপুরে জাতীয় স্টেডিয়ামে হাজির হন তিন আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তা। সেই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি চালু এবং একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো লাগানো একটি মাইক্রোবাস এসে থামে স্টেডিয়ামের প্রধান ফটকে। দোভাষীকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন কর্মকর্তা। কিছুদিন আগেই যেখানে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শেষ হয়েছে, সেই মাঠ ঘুরে দেখার মধ্য দিয়ে শুরু হয় তাদের বাংলাদেশ সফর। ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ শেষ করে বাংলাদেশে এসেছেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতিনিধি দলের রয়েছে বড় পরিকল্পনা। আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করতে চায় তারা। মারিও মার্টিন তুলা বলেন, এই পরিকল্পনাটি আমাদের দেশ আর্জেন্টিনাতেই তৈরি হয়েছে। আমরা এশিয়া সফরে বেরিয়েছি এবং ভারত ঘুরে এসেছি। সেখানে আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি মেনে একটি একাডেমি চালু করছি। পরে দলের সবার সঙ্গে কথা বলে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই।  ‘আমরা জানি, এই দেশে আমাদের জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত আছেন। তাদের ধন্যবাদ জানাতেই আমরা এসেছি। পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কিছু কাজ করতে চাই। তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনাটি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে। বিনিয়োগের সুযোগ খুঁজতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধি দলের সদস্যরা। এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, একাডেমি চালুর তারিখও নির্ধারিত হয়নি। পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর। তুলা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই আমরা এসেছি এবং সে কারণেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। বাংলাদেশের ফুটবল সম্পর্কে এখনও বিস্তারিত ধারণা না থাকায় আপাতত বড় কোনো ঘোষণা দিতে চাইছেন না আর্জেন্টাইন কর্মকর্তারা।  নিকোলাস বলেন, আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা সবেমাত্র শুরু করেছি। এখনই একাডেমি খুলছি না। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের এখনো পরিষ্কার ধারণা তৈরি হয়নি। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক উন্নতির বিষয়টিও এখনও তাদের মূল্যায়নের পর্যায়ে আসেনি। এই সফরে কার সঙ্গে কী ধরনের আলোচনা হয় এবং কেমন অংশীদারত্ব গড়ে ওঠে, তার ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি চালুর প্রস্তাব দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের ওপরই ছেড়ে দিয়েছেন তুলা।  তিনি বলেন, আমাদের প্রস্তাব হলো আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি যুক্ত করে একসঙ্গে কাজ করা। তবে কখন এবং কীভাবে তা হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নেবেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রসঙ্গও আলোচনায় এসেছিল। তবে এ নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি প্রতিনিধি দলের সদস্যরা। আপাতত একাডেমি গড়ে তোলা, বিনিয়োগের সুযোগ খোঁজা এবং স্থানীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা ও সমর্থকদের উৎসবের খবর দেশটিতে বেশ পরিচিত। দূরদেশের মানুষের এই ভালোবাসা ছুঁয়ে গেছে নিকোলাসকেও। তিনি বলেন, এটা দারুণ ভালো লাগা ও আনন্দের অনুভূতি। এত মানুষ আমাদের জার্সির রং আর দেশকে ভালোবাসেন, এটা জানলে গর্বে বুক ভরে যায়। এই সফরে বাফুফের সঙ্গে একটি অনুষ্ঠান ও সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলের। আর্জেন্টিনার ফুটবল সাফল্য নিয়ে উৎসব করে আলোচনায় আসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও যাবেন তারা। ভারতের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি দেশে একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এএফএ ইন্টারন্যাশনালের।  তুলা জানান, কয়েকটি দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ সফর শেষে তারা আবার ভারতে ফিরে যাবেন। বাণিজ্যিক উদ্যোগের বাইরেও দূরদেশের সমর্থকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের অন্যতম উদ্দেশ্য। জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। তার ভাষ্য, সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ হওয়া এই মাঠ নিয়ে তার মূল্যায়ন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটিকে একেবারে আধুনিক একটি স্টেডিয়াম মনে হয়েছে। আমার সত্যিই মনে হয়, এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। সিনিয়র বিশ্বকাপের ফাইনাল না হলেও অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সব ব্যবস্থা এখানে আছে। স্টেডিয়াম ঘুরে দেখার সময় মাঠের ঘাসও পরখ করেন অতিথিরা। তোলেন সেলফি ও দলবদ্ধ ছবি। মেঘলা বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো উৎসবমুখর পরিবেশ না থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রথম ছাপ নিয়ে ফিরছেন আর্জেন্টাইন কর্মকর্তারা। তাদের এই সফর ভবিষ্যতে দুই দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আরটিভি/এসআর  
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তারা, গড়তে চান একাডেমি
আরও পড়ুন
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ
আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম