বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:৪৩ পিএম
ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর ১৯ বছর বয়সী লেফট-ব্যাক নিকোলাস সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাতে সাও পাওলো মহানগর এলাকার বারুয়েরিতে ৮৪ বছর বয়সী এক ব্যক্তিকে গাড়িচাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগে নিকোলাস সতীর্থ ইগর ফেলিসবার্তো ও রায়ান ফ্রান্সিসকোর সঙ্গে বারুয়েরির একটি শপিংমলে রাতের খাবার খেয়েছিলেন। এরপর তিনজন আলাদা গাড়িতে করে সেখান থেকে বের হন। দুর্ঘটনার পর নিকোলাস ঘটনাস্থলেই অবস্থান করেন, আহত ব্যক্তিকে সহায়তা করেন এবং জরুরি উদ্ধারসেবায় খবর দেন। পরে তিন ফুটবলারই থানায় গিয়ে পুলিশের কাছে জবানবন্দি দেন।
নিকোলাসের আইনজীবীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার না করে অন্য স্থান দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের দাবি, নিকোলাস মদ্যপ ছিলেন না এবং তার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর নিকোলাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছেন এবং তদন্তে সম্পূর্ণ সহায়তা করছেন। তিনি কর্তৃপক্ষের কাছে জবানবন্দি দিয়েছেন এবং তদন্ত চলাকালে জামিনে মুক্ত থেকে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন। তাদের বিশ্বাস, তদন্ত শেষে নিকোলাসের নির্দোষিতা প্রমাণিত হবে।
এদিকে সাও পাওলো ক্লাব এক বিবৃতিতে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছে। ক্লাবটি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং জানিয়েছে, তাদের আইন বিভাগ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত নিকোলাসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ক্লাব।
উল্লেখ্য, ২০২৫ সালে সাও পাওলোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় নিকোলাসের। চলতি মৌসুমে তিনি পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে চারটি, কোপা সুদামেরিকানায় একটি এবং ব্রাজিলেইরাওতে একটি ম্যাচ খেলেছেন।
আরটিভি/এসকে