শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১২:০৫ পিএম
গুগল ফটোজ-অ্যাপে এল বড় আপডেট, কোম্পানিটি তাদের জনপ্রিয় ফটো অ্যাপটিতে যুক্ত করেছে একাধিক এআই-চালিত এডিটিং ফিচার। এসব ফিচারের মধ্যে রয়েছে ছবি থেকে মানুষ বা বস্তু মুছে ফেলার সুবিধা, নতুন ‘আস্ক’ বাটন, এআই-ভিত্তিক এডিটিং টেমপ্লেট এবং স্বাভাবিক ভাষায় সার্চের সুবিধা।
গত অগাস্টে পিক্সেল ১০ সিরিজ ফোনের জন্য প্রম্পটভিত্তিক এডিটিং চালু করেছিল গুগল। এবার যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীরাও ভয়েস বা টেক্সট কমান্ড দিয়ে ছবি এডিট করতে পারবেন বলে ঘোষণায় করেছে কোম্পানিটি।
সেইসঙ্গে নতুন করে সাজানো সহজ-ইন্টারফেইসের ফটো এডিটরটিও আইওএস-এ চালু করা হচ্ছে। নতুন আপডেটে এসেছে ‘পার্সোনালাইজড এডিট’ ফিচার যা গুগল ফটোজের ফেইস গ্রুপ চিনে নিতে পারে। ব্যবহারকারীরা ‘হেল্প মি এডিট’ অপশনে গিয়ে বিভিন্ন নির্দেশ দিতে পারবেন যেমন “ছবির লাল শার্ট পরা ব্যক্তির সানগ্লাস সরাও, আমার চোখ খোলো, ডান পাশের ব্যক্তিকে হাসাও” ইত্যাদি। গুগল ফটোজ নিজ থেকেই ছবিতে থাকা প্রত্যেকের জন্য নির্দিষ্ট এডিট প্রয়োগ করবে।
এ ছাড়া গুগল ফটোজে জনপ্রিয় এআই ইমেজ মডেল ‘ন্যানো বানানা’-ও যোগ করছে কোম্পানিটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবিকে নতুন স্টাইলে রূপ দিতে পারবেন যেমন রেনেসাঁ পোরর্ট্রেইট, কার্টুন স্ট্রিপ বা অন্য যে কোনো শিল্পধারায়।
একইসঙ্গে গুগল ফটোজে আসছে এআই টেমপ্লেট। এটি ব্যবহারকারীর ছবিকে সহজেই নির্দিষ্ট ফরম্যাটে রূপান্তর করতে দেবে। ন্যানো বানানার সাহায্যে এখন রেট্রো পোরর্ট্রেইট বা অ্যাকশন ফিগারের মতো ছবিও বানানো সম্ভব হবে।
এই ফিচারটি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতে অ্যান্ড্রয়েডের ‘ক্রিয়েট’ ট্যাবে চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
নতুন ডিজাইন পরিবর্তনের অংশ হিসেবে গুগল ফটোজে যুক্ত হয়েছে ‘আস্ক’ বাটন। এটি বিভিন্ন এআই অনুরোধের শুরুর মাধ্যম হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা এখান থেকে ছবির তথ্য জানতে পারবেন, সম্পর্কিত মুহূর্ত খুঁজে পাবেন, এমনকি প্রম্পট ব্যবহার করে এডিটও করতে পারবেন। যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি ধীরে ধীরে চালু করা হচ্ছে।
গত বছর যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে চালু করা গুগল ফটোজের এআই-চালিত সার্চ এখন একশটিরও বেশি দেশে সম্প্রসারিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশ।
গুগলের তথ্য অনুযায়ী, এআই সার্চ এখন থেকে বাংলা, আরবি, ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশীয়, ইতালীয়, জাপানি, পর্তুগিজ ও স্প্যানিশসহ ১৭টিরও বেশি ভাষায় কাজ করবে।
আরটিভি/এমএ