images

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৯:২৫ পিএম

চীনের একদল গবেষক ড্রোন প্রযুক্তিতে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধানের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম ‘বাঁশের তৈরি ড্রোন’, যা পরিচালনার জন্য একটি ওপেন-সোর্স ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফটওয়্যারটি বিশ্বের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে।

সাধারণত ড্রোনের বডি তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ফাইবার বা প্লাস্টিকের মতো ব্যয়বহুল কৃত্রিম উপাদান। তবে চীনা গবেষকরা পরিবেশবান্ধব এবং সহজলভ্য বাঁশকে ড্রোনের মূল কাঠামো হিসেবে বেছে নিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, বাঁশের ড্রোন শুধু পরিবেশবান্ধবই নয়, বরং অত্যন্ত সাশ্রয়ী ও ওজনে হালকা। তবে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কম্পন নিয়ন্ত্রণ। বাঁশে ৮-২০ হার্টজ রেঞ্জের নিম্ন-ফ্রিকোয়েন্সি কম্পন তৈরি হয়, যা সাধারণ ড্রোন কন্ট্রোলার সামাল দিতে পারে না।

এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশেষ ফ্লাইট কন্ট্রোল বোর্ড এবং নতুন অ্যালগরিদম। এর ফলে ড্রোনের স্থিতিশীলতা বজায় থাকে এবং সাড়া প্রদানের সময় ১৫-২০ মিলিসেকেন্ড থেকে কমিয়ে মাত্র ৮-১০ মিলিসেকেন্ডে নিয়ে আসা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্ভাবন কৃষি কাজ, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। যেহেতু বাঁশ সহজলভ্য এবং উৎপাদন খরচ কম, এটি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর প্রযুক্তি হিসেবে কাজ করবে।

আরও পড়ুন
HORMUS-PRONALI

হরমুজ প্রণালী অতিক্রম করেছে জাপানি মালিকানাধীন ট্যাংকার

চীনা বিজ্ঞানীদের এই আবিষ্কার প্রমাণ করল, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির প্রাচীন উপাদান মেলালে তা টেকসই ভবিষ্যতের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করতে পারে।

সূত্র : এসসিএমপি।

আরটিভি/এসকে