images

তথ্যপ্রযুক্তি

অ্যাপলে টিম কুক যুগের অবসান, নতুন দায়িত্বে কে?

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৬:৪৩ পিএম

বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের দীর্ঘ পনেরো বছরের বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার দীর্ঘ সফল নেতৃত্বের পর অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্ব থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। খবর বিবিসির। 

সোমবার (২০ এপ্রিল) অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক ঘোষণায় এই বড় পরিবর্তনের কথা জানিয়েছে।

তবে, টিম কুক সিইও পদ থেকে পদত্যাগ করলেও অ্যাপলের সাথে তার দীর্ঘ সম্পর্কের ইতি ঘটছে না বরং তিনি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকায় নিজেকে নিয়োজিত করবেন। 

আরও পড়ুন
Web-Image

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

উল্লেখ্য, ২০১১ সালে অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তি বিশ্বের অন্যতম কিংবদন্তি স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে তার উত্তরসূরি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন টিম কুক। তার দেড় দশকের নেতৃত্বাধীন সময়ে অ্যাপল ব্যবসায়িক সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এমনকি তার দূরদর্শী পরিকল্পনায় অ্যাপল বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছিল এবং বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য চার ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

স্টিভ জবসের উদ্ভাবনী ধারাকে বজায় রেখে টিম কুক অ্যাপলকে বিশ্বজুড়ে এক নির্ভরযোগ্য এবং লাভজনক ব্র্যান্ডে পরিণত করেছেন। বিদায়ী বার্তায় কুক তার উত্তরসূরি হিসেবে জন টার্নাসকে একজন অত্যন্ত মেধাবী ও দূরদর্শী নির্বাহী হিসেবে আখ্যায়িত করেছেন। কুক বলেন টার্নাসের উদ্ভাবনী সত্তা সততা এবং গভীর প্রযুক্তিগত জ্ঞান অ্যাপলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সক্ষম করে তুলবে।

নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া জন টার্নাস অ্যাপলের সাথে গত ২৫ বছর ধরে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তিনি অ্যাপলের প্রায় সব আধুনিক ও সফল পণ্যের বিকাশে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন। আইপ্যাডের প্রতিটি জেনারেশন আইফোনের বিভিন্ন সংস্করণ এবং অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের সফল সূচনায় তার অনস্বীকার্য অবদান রয়েছে। বিশেষ করে ম্যাক কম্পিউটারে ইন্টেল প্রসেসরের পরিবর্তে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের সেই ঐতিহাসিক রূপান্তরটি তার বলিষ্ঠ নেতৃত্বেই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছিল।

জন টার্নাস তার বিবৃতিতে টিম কুককে নিজের মেন্টর এবং পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের প্রযুক্তি বিশ্বে অ্যাপলের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যে অ্যাপলের মিশনকে তিনি সামনে এগিয়ে নিয়ে যাবেন।

আরটিভি/এআর