images

তথ্যপ্রযুক্তি

জাতীয় সাইবার ড্রিল ও কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:৪৬ পিএম

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএসএ) উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় দেশব্যাপী সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দেশের শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৩ জুন) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে কুইজ ও সাইবার ড্রিলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আরও পড়ুন
CAR-ANTENA

গাড়ির ছাদের শার্ক ফিন অ্যান্টেনা: শুধু ডিজাইন নয়, এর আসল কাজ কী?

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ এবং সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই আয়োজনগুলো অত্যন্ত সময়োপযোগী। এই ধরনের উদ্যোগ দেশের সাইবার নিরাপত্তা সংস্কৃতি বিকাশে এবং একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত ১৬ মে দেশের ১৭টি আঞ্চলিক ভেন্যুতে জুনিয়র ও সিনিয়র—এই দুই ক্যাটাগরিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ভেন্যুর প্রতি ক্যাটাগরি থেকে ৫ জন করে মোট ১০ জন বিজয়ী নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

আর আজ সেই নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা এবং একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান।

অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ক্রিপ্টোগ্রাফি, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি এবং থ্রেট অ্যানালাইসিসের মতো জটিল বিষয়ে দক্ষতা প্রদর্শন করতে হয়। সম্পূর্ণ কার্যক্রমটি ভিডিও সার্ভিল্যান্সের আওতায় পরিচালনা করায় এবারের ড্রিলে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

অন্যদিকে সাইবার ড্রিলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, দ্বিতীয় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ও তৃতীয় হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আরটিভি/এসআর