শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৪:২৯ পিএম
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে দেশের তিন বিভাগে মাঝারি থেকে অতিভারি বর্ষণসহ সব বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর বাইরে অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, সেখানে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আরটিভি/এআর