এখন থেকে প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হবে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।
শফিউল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তাব করে। পরে মন্ত্রিসভার বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটিকে অনুমোদন দেয়া হয়।
তিনি বলেন, জাতীয় উদযাপনের খ ক্যাটাগরিতে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের স্থান দেয়া হয়েছে।
শফিউল আলম বলেন, এছাড়া মন্ত্রিসভার বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজষ্ক্রীয় জ্বালানি বর্জ্য নেয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি সইয়ের খসড়ার অনুমোদন দেয়া হয়। এখন যেকোনো সময় এই চুক্তি সই হবে। এ চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজষ্ক্রীয় জ্বালানি বর্জ্য ফেরত নেবে রাশিয়া।

এইচটি/সি




