ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত স্বপনকে ৫০ লাখ টাকা দিতে রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৪:৪৪ পিএম


ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত স্বপনকে ৫০ লাখ টাকা দিতে রুল

রাজধানী মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত স্বপনকে ৫০ লাখ টাকা এবং আহত অপর দুইজনকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেনো দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, আগামি চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তমা কন্সট্রাকশনের কর্মকর্তা ও রমনা থানার ওসিকে এর জবাব দিতে হবে।

বিজ্ঞাপন

গেলো ১৪ মার্চ রাজধানীর মালিবাগে মধ্যরাতে নির্মাণাধীন ফ্লাইওভারে ক্রেন ছিড়ে গার্ডারের নিচে চাপা পড়ে শ্রমিক স্বপন (৪০) নিহত হন। এ ঘটনায় পলাশ (৩৫) ও নুরুন্নবী (৪০) নামে আরো দুইজন আহত হন। রাত ২টার দিকে ফ্লাইওভারে গার্ডার তোলার সময় ক্রেন ছিঁড়ে নিচে রেললাইনের উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

নিহত স্বপন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি স্থানীয় সততা ফার্নিচার নামে একটি দোকানে ও রাতে ফ্লাইওভারের কাজ করতেন। মাথায় প্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়। এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এই নিয়ে ফ্লাইওভারটি নির্মাণ কাজ শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় নয়জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে তিনজন বিদ্যুতায়িত হয়ে,  তিনজন নির্মাণ কাজ চলাকালে গাড়ির ধাক্কায় এবং নির্মাণ সামগ্রী মাথায় পড়ে দুইজন নিহত হন। এছাড়া প্রায় ২০ শ্রমিক আহত হন।

আর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission