বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ ছিল বাংলাদেশের পাল্টে যাওয়ার মূল মঞ্চ। তার মতে, টাইগারদের সাম্প্রতিক সাফল্যের সবচে’ বড় কারণ বিশ্বাস।
অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। যেন তারই ধারাবাহিকতায় এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে টাইগাররা।
হাথুরুসিংহে বলেন, সাফল্য পেতে যেটা বেশি দরকার তা হচ্ছে আত্মবিশ্বাস। সেটি বাংলাদেশের ছিল, আছে। এটিই টাইগারদের সাফল্যের সবেচে’ বড় পুঁজি।
তিনি বলেন, বিশ্বকাপই ছিল আমাদের পাল্টে যাওয়ার মূল মঞ্চ। ওই সময় আমাদের দলে ভালো খেলোয়াড় ছিল। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আমাদের দলটি ছিল অসাধারণ। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। আমাদের আত্মবিশ্বাস ছিল। একটি দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বড় দলের বিপক্ষে খেললে বিশ্বাস তৈরি হয়। বিশ্বাসটাই বড় জিনিস।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। বড় টুর্নামেন্টে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ কোচ বলেন, এটি বাংলাদেশের জন্য বিশাল পথচলা। তিনি যোগ করেন, বিদেশের মাটিতে খেলা বড় চ্যালেঞ্জ। দেশের বাইরে বড় দলের সঙ্গে না খেললে নিজেদের অবস্থান সম্পর্কে জানা যায় না। যদি আমাদের ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখবেন বিদেশের কয়েকটি ম্যাচ খেলাতেই অন্যদের সঙ্গে ব্যবধান কমে এসেছে।
হাথুরুসিংহে বলেন, বিশ্বকাপের পর আমরা ঘরের মাঠে ভালো খেলার দিকে নজর দিই।আমরা লক্ষ্য নির্ধারণ করি, দেশে ভালো খেলার। আর গেলো বছর লক্ষ্য নির্ধারণ করি, বিদেশের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে ভালো করার। সেই যাত্রায় সেমিফাইনালে পৌঁছেছি।
ডিএইচ




