দেশে সংঘটিত প্রতিটি অপরাধের পেছনে সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের কারো না কারো মদদ থাকে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ : আগামী দিনে আমাদের করণীয় শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে দিন দিন সামাজিক অপরাধ বাড়ছে। এখন দিনে অত্যন্ত ১২টি খুন হচ্ছে। বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণে কারা জড়িত এবং এই হোটেলের মালিক কে সেটা সবাই জানেন।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে সংগঠিত প্রতিটি অপরাধের সঙ্গে সরকারের কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির মদদ থাকে- এটাও এখন সবাই জানে।
তিনি বলেন, সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে পুলিশকে বলা হচ্ছে বিরোধীদের পেটাও। তাদের কোনো জনসভা করতে দেবে না। বিএনপিসহ দেশের বিরোধীদলের কারো আজ মত প্রকাশের স্বাধীনতা নেই।
প্রশাসনকে সরকার নিজেদের কাজে ব্যবহার করায় দেশের আইনশৃঙ্খলা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
মওদুদ বলেন, বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। ক্ষমতায় গেলে আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না।
এইচটি/সি




