প্রভাবশালীদের দখলে খিলগাঁও ঝিলপাড়, দেখার কেউ নাই

আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৪:৪৪ পিএম


প্রভাবশালীদের দখলে খিলগাঁও ঝিলপাড়, দেখার কেউ নাই

ঢাকা শহরে যত জলাশয় ছিল, তা দখল হতে হতে অবশিষ্ট কিছু আর নেই। সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত খিলগাঁও থানার ঠিক পিছনে খিলগাঁও ঝিলপাড় নামে পরিচিত জলাশয়টিও রাজনৈতিক প্রভাবশালীদের কাছে দখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। 

খিঁলগাওয়ের জলাশয়টি অত্র অঞ্চলের একমাত্র প্রাকৃতিক জলাশয়। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি ঝিলে নতুন করে প্রায় ১৫ বিঘা জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। ঝিলের চারপাশ দখল করে গড়ে উঠেছে বস্তি, রিকশা গ্যারেজ এমনকি বহুতল ভবনও। এসব বস্তি ও স্থাপনা থেকে বর্জ্য ফেলে দুষিত করা হচ্ছে ঝিলের পানি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের হাতে থাকে দখলের নাটাই। বস্তি ভাড়া দিয়ে, রিকশা গ্যারেজ ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা তোলেন এসব প্রভাবশালীরা। আর সন্ধ্যার পর জমে ওঠে মাদকের আড্ডা। মাদকসেবী ও মাদক ব্যবসায়ী-উভয়েরই বিচরণক্ষেত্র এই ঝিলপাড়।

rtv-online-news

খিঁলগাও বি ব্লকের অধিবাসী মো. হাফিজুর রহমান (৫৫) বলেন, ‘এই এলাকায় আগে জলাশয়টি ছিল অনেক জায়গা জুড়ে। দখল করতে করতে এখন এটি ছোট পুকুরে পরিণত হয়েছে। যে যখন ক্ষমতায় থাকে, সে-ই একটু একটু করে দখল করে।’

সি ব্লকের অধিবাসী হিরন মোস্তাফিজ (৩২) বলেন, ‘খিঁলগাও এখন ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এই থানার এক নম্বর ওয়ার্ডে নেই কোনো পার্ক কিংবা খেলার মাঠ। চাইলেই জলাশয়টিকে সংস্কার করে হাতিরঝিলের মত সুন্দর পরিবেশ করা যায়। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতৃবৃদ্ধ কখনো সে উদ্যোগ নেয়নি। ৫ অগাস্টের পর চিত্র বদলাবে ভেবেছিলাম। কিন্তু কিছুই হয়নি। ব্যাপারটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’

স্থানীয় অধিবাসীদের দাবি, যদি এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় তাহলে খিলগাঁও  ঝিলপাড় এলাকার মানুষ  একদিকে দূষণমুক্ত পরিবেশ উপহার পাবে অন্যদিকে  এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission