রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি সাধারণ অ্যাপার্টমেন্টে ভেজাল ও অবৈধ মদ উৎপাদন এবং মজুতের সন্ধান পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সেগুনবাগিচা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন হিউবার্ট গোমেজ (৪৮), আবদুর রাজ্জাক (৪০), ডেনিস ডমিনিক পিরিছ (৩৭)।
মো. বশির আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজাল মদ সরবরাহের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৭ জানুয়ারি) ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা ও পার্শ্ববর্তী জোয়ার সাহারা এলাকায় দুটি ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ভেজাল মদ ও কেমিক্যাল জব্দ করা হয়।
তিনি বলেন, অভিযানকালে ডিএনসি কর্মকর্তারা দেখতে পান, আবাসিক ফ্ল্যাটটির একাধিক কক্ষকে ব্যবহার করা হচ্ছিল ভেজাল মদ প্রস্তুত, বোতলজাত ও সংরক্ষণের জন্য। সেখানে দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভেজাল মদ ভরে সিল লাগিয়ে বাজারজাত হচ্ছিল।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জোয়ার সাহারা এলাকায় আরও একটি স্থানে অভিযান চালানো হয়। সেখানে মদের মজুত ও সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে আসামি করে দুটি পৃথক মামলা করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, উদ্ধার মদগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এসব ভেজাল মদ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে সরবরাহের প্রস্তুতি ছিল।
অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ, ১৬৬ ক্যান বিয়ার ও ভেজাল মদ তৈরির ১৩২ লিটার কেমিক্যাল জব্দ করা হয়।
আরটিভি/এস




