কালশী বস্তিতে আগুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১:১২ পিএম


কালশী বস্তিতে আগুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনি (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ মে) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।

আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন বলে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক থাকার সম্ভাবনা রয়েছে।

আসামির দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত সোমবার বিকালে পল্লবীর কালশী বস্তিতে এক দোকানির সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়।

ওই যুবক আগুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর বস্তিতে আগুন লাগলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভে রাত সাড়ে ৩টার দিকে।

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission