ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হওয়া আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই ভেসে আসছে শিশুদের চিৎকার, মোবাইল ক্যামেরার ক্লিক আর মানুষের কৌতূহলী গুঞ্জন।

কেউ বলছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প!, কেউ আবার ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করছেন। খাঁচার সামনে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু বাবার হাত টেনে বলছে, আরেকটু কাছে যাই না! ‘ডোনাল্ড ট্রাম্প’এর খাঁচার সামনে এমন দৃশ্য চোখে পরে।

মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি আভাযুক্ত শরীর আর অস্বাভাবিক গড়নের কারণে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রে ছিল এই বিরল মহিষ।

কোরবানির হাটের প্রাণী থেকে সেটি এখন জাতীয় চিড়িয়াখানার নতুন আকর্ষণ।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থী শুধু একনজর ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতেই ভিড় করছেন।

কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজছেন।

দেখা গেছে, চিড়িয়াখানার ভেতরে আলাদা একটি ঘেরাটোপে রাখা হয়েছে মহিষটিকে। দর্শনার্থীদের কোলাহলের মাঝেও বেশ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল সেটি। কখনো ক্লান্ত হয়ে ধীরে ধীরে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

পাইকপাড়ার খামার থেকে ভাইরাল খ্যাতি

এই ‘ডোনাল্ড ট্রাম্প’-এর গল্প শুরু নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই প্রথম মহিষটির মাথার ঢেউ খেলানো চুল দেখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পান। পরে মজার ছলেই নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। কিন্তু সেই নামই পরে বদলে দেয় মহিষটির ভাগ্য।

গোলাপি রঙের বিরল এই মহিষটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশ হয় প্রাণীটিকে নিয়ে। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকেন খামারে।

ঈদ সামনে রেখে মহিষটি কোরবানির জন্য বিক্রিও করা হয়। ২৫ মে নতুন মালিক নিতে এলে লাল গালিচা বিছিয়ে রাজকীয় আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয় তাকে। সেই ভিডিওও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত কোরবানি হয়নি ‘ডোনাল্ড ট্রাম্প’র।

রাষ্ট্রীয় সিদ্ধান্তে চিড়িয়াখানায়

ঈদুল আজহার একদিন আগে বুধবার (২৭ মে) সরকারের হস্তক্ষেপে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি বিরল অ্যালবিনো প্রজাতির হওয়ায় সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে স্থানীয় থানা হেফাজতে নেওয়া হয় প্রাণীটিকে। পরে রাতেই সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক বলেন, এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পরিবহনের সময় মহিষটির পেটের পাশে সামান্য আঘাত লাগে। বর্তমানে চিকিৎসা চলছে এবং সেটি পর্যবেক্ষণে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহিষটির শরীরের এক পাশে ওষুধ লাগানো রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, ঈদের আনন্দে অন্যত্র বেড়াতে না গিয়ে বেশিরভাগ দর্শনার্থী শুধু এই মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় এসেছেন। কেউ কেউ বন্ধুদের সঙ্গে বেড়াতে আসলেও বেশিরভাগই পরিবার নিয়ে এসেছেন। এদের মধ্যে ছোট দর্শনার্থীর সংখ্যাও কম নয়।

সাভার থেকে আসা যুবক রিফাত হোসেন বলেন, কালকে খবর দেখেই ঠিক করেছি আসব। সকাল ১০টার মধ্যেই চলে এসেছি। এতদিন শুধু ফেসবুকে দেখেছি, এখন সামনে থেকে দেখলাম। চুল আর মুখের কাটিংয়ে কিছুটা মিল তো আছেই।

বাড্ডা থেকে পরিবার নিয়ে আসা গৃহিণী রোকসানা আক্তার বলেন, বাচ্চারা অন্য কিছু দেখতে চায়নি। ঢুকেই বলছে আগে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে হবে। কাছে থেকে দেখে অনেক ভালো লাগছে।

আরেক দর্শনার্থী হাসতে হাসতে বলেন, ট্রাম্পের চোখ, কপাল আর হেয়ার, এই তিনটার সঙ্গে মিল আছে। তবে আমি ভাবছিলাম আরও বড় হবে! শিশুদের মাঝেও ছিল বাড়তি উচ্ছ্বাস।

আট বছরের শিশু তামিম বলে, অনেক সুন্দর লাগছে। আগে কখনো এমন মহিষ দেখি নাই।

দর্শনার্থীদের অনেকে মনে করছেন, মহিষটিকে কোরবানি না করে সংরক্ষণ করার সিদ্ধান্ত সঠিক হয়েছে।

মিরপুরের বাসিন্দা শাহীন মিয়া বলেন, এটা যদি কোরবানি হয়ে যেত, তাহলে তো শেষ। এখন অন্তত দেশের মানুষ দেখতে পারছে। বাচ্চারাও একটা বিরল প্রাণী সম্পর্কে জানতে পারছে।

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেক কিছুই দেখি। কিন্তু বাস্তবে সামনে এসে দেখার অভিজ্ঞতা আলাদা।

অনেকে আবার মজা করে বলছিলেন, আমেরিকার ট্রাম্পকে তো সামনে থেকে দেখা যাবে না, তাই মহিষ ট্রাম্পকেই দেখতে এলাম!

বিরল কেন এই মহিষ?

প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত বিরল ধরনের মহিষ। এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্যের মহিষ প্রতি ১০ লাখে একটি পাওয়া যেতে পারে। এটি মূলত রিসেসিভ জিনের কারণে হয়। জেনেটিক ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের প্রাণী শুধু দর্শনীয় নয়, গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ। তাই সংরক্ষণ করা প্রয়োজন।

এবারের ঈদের নতুন আকর্ষণ

জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, ঈদের দিনে সাধারণত দর্শনার্থীর চাপ তুলনামূলক কম থাকে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের দিন দুপুরের পর থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’র ঘেরাটোপের সামনে ভিড় বাড়তে থাকে। অনেকেই শুধু এই মহিষটিকে দেখতেই টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করেছেন।

চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, এটা নতুন প্রাণী। আগে এখানে ছিল না। তাই মানুষের আগ্রহও বেশি। আগামী কয়েক দিনে আরও বেশি ভিড় হতে পারে।

ফ্রি থেকে টিকিটের ভেতরে

নারায়ণগঞ্জের খামারে থাকাকালে মহিষটিকে বিনামূল্যে দেখতে পারতেন মানুষ। তবে এখন সেটি দেখতে হলে চিড়িয়াখানার টিকিট কাটতে হচ্ছে।

জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা দিতে হচ্ছে দর্শনার্থীদের। তবুও আগ্রহে কোনো কমতি নেই।

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ সেলফি তুলছেন, কেউ লাইভ করছেন, কেউ আবার পরিবার নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন বিরল সেই গোলাপি মহিষটির সামনে।

ভাইরাল থেকে বাস্তবের তারকা

কয়েক সপ্তাহ আগেও ‘ডোনাল্ড ট্রাম্প’ ছিল মোবাইল স্ক্রিনের ভাইরাল এক প্রাণী। এখন সেটিই জাতীয় চিড়িয়াখানার নতুন তারকা।

কোরবানির হাটে যার শেষ গন্তব্য হওয়ার কথা ছিল জবাইখানা, সেটিই আজ শিশুদের বিস্ময়, দর্শনার্থীদের কৌতূহল আর সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন আকর্ষণ।

ঈদের আনন্দের ভিড়ে তাই এবার জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ কোনো বাঘ, সিংহ বা হাতি নয়, বরং গোলাপি রঙের এক বিরল মহিষ, যার নাম ‘ডোনাল্ড ট্রাম্প’।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য / নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া। ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে। আরটিভি/এসআর
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
রাজধানীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানি জনগোষ্ঠীর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দু’দশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ। বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি জানান, বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন। এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। এ ছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ । অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। আরটিভি/এসআর
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।  আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’  অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’, এমন বক্তব্যও শোনা যায়। এদিকে ছড়িয়ে পড়া সেই অডিও নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান। পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।  পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন। আরটিভি/এসআর
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
আরও পড়ুন
মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল জ্বালানি বিভাগ
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
কংগ্রেসকে না জানিয়েই ট্রাম্পের নতুন ‘এআই ফোর্স’ গঠনের উদ্যোগ 
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের