মোহাম্মদপুরে আবারও চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:১৮ পিএম


মোহাম্মদপুরে আবারও চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ছবি: সৌজন্য

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) ভোরে এলাকার ১২ নম্বর সড়কের ‘এ’ ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এক চোর। পরে সুযোগ বুঝে গ্যারেজে থাকা মূল্যবান কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে টের পাননি।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক গ্যারেজে প্রবেশ করে দ্রুত একটি গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি মালামাল নিয়ে চলে যাচ্ছে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ হলেও অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বাড়ির মালিক বলেন, ‘ভোরবেলা সবাই ঘুমিয়ে ছিলাম। তাই ঘটনাটি বুঝতে পারিনি। পরে কিছু জিনিসপত্র না পেয়ে সন্দেহ হলে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি জানতে পারি।’

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আবারও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে বলে তাদের দাবি। 

আরও পড়ুন

ঘটনার পর এলাকাবাসী রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই দিলীপ আরটিভি অনলাইনকে বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এখন কোনো সমস্যা নেই। 

তবে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চুরির এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি এমন কোনো অপরাধ নেই যা থেকে বিরত ছিল সেখানকার অপরাধীরা। এ নিয়ে আরটিভিসহ দেশের গণমাধ্যমগুলোতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এক পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

তবে সম্প্রতি আবারও সেখানে অপরাধীরা মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission