রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী

আরটিভি নিউজ  

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১০:৫৯ এএম


রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী
ছবি: আরটিভি

রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে রোববার (১২ জুলাই) সকাল থেকে অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে যাওয়ায় সড়কের ওপরই বহু যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সকালের দিকে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অফিসগামীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

কারওয়ান বাজারে বাসের জন্য অপেক্ষমাণ তুষার মিয়া নামের এক যাত্রী জানান, গ্রিন রোড ও কলাবাগানের অনেক রাস্তা পানির নিচে চলে গেছে। অনেক কষ্টে কারওয়ান বাজার এসে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু মতিঝিলগামী গাড়ি খুব একটা পাওয়া যাচ্ছে না। রিকশাচালকেরা সিএনজির সমান ভাড়া চাচ্ছেন, আবার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাও তেমন একটা নেই।

আরও পড়ুন

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম।

ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলের আজকের ক্লাস ও পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত এক রাতে এত বেশি বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের অধিকাংশ এলাকায় আজ দিনভর দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission