সপ্তাহে কোটি টাকার ফার্নিচার বিক্রি হয় এই হাটে 

কামাল হোসেন

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ , ১০:৫৯ পিএম


সপ্তাহে কোটি টাকার ফার্নিচার বিক্রি হয় এই হাটে 
ফার্নিচার হাট 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর থেকে মাত্র ১৪ কিলোমিটার পূর্বে বংশাই নদীর পাড়ে অবস্থিত ধলাপাড়া হাট। সপ্তাহের দুই দিন বৃহস্পতিবার ও সোমবার বসে এ হাট। খাট, সোফাসেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, শো-কেস, চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার বিক্রি হয় এখানে। দুটি হাটে ফার্নিচার বিক্রির পরিমাণ কোটি টাকারও বেশি। পছন্দসই বাহারি ডিজাইন, নাগালের মধ্যেই দাম, সড়ক ও নৌপথের পরিবহন সুবিধার জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের ঘাটাইল ধলাপাড়া ফার্নিচার হাট।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, দেশের বৃহত্তম আসবাবপত্রের (ফার্নিচার) হাট ধলাপাড়া। সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার বসে এই ফার্নিচার হাট। সপ্তাহে কোটি টাকার তৈরিকৃত আসবাবপত্র বেচাকেনা হয় এখানে। টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র কেনার জন্য।

কাঠের মধ্যে খোদাই করা বাহারি নকশায় ফুলবক্স, সেমিবক্স, বেগি খাট, বোম্বাই ও রাশিয়ান খাট পাওয়া যায় এ হাটে। দুই হাজার থেকে ৬০ হাজার টাকা মূল্যের খাট পাওয়া যায় এখানে। এছাড়াও গোল ড্রেসিং টেবিল, ছয়কোনা ড্রেসিং টেবিল, তিনচাল ড্রেসিং টেবিল, দুইচাল ড্রেসিং টেবিল, কার্নিশ ড্রেসিং টেবিল এবং লতা সোফা, হাতি শুঁড় সোফা, বল সোফা ও বক্স সোফাসেটও বিক্রি হয়।

বিজ্ঞাপন

উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণির লোকজন এ হাটের ক্রেতা। শুধু ঘাটাইল উপজেলা নয় জেলার অন্যান্য ক্রেতা-বিক্রেতারা অতি সহজেই ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ করেন এ হাট থেকে।

ফার্নিচার ব্যবসায়ী আবু জাফর জানান, ধলাপাড়া হাট ফার্নিচারের জন্য বেশ বিখ্যাত। তাছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় আসবাবপত্রের জন্য দেশের অন্যতম বৃহৎ হাট ধলাপাড়া। হাটের ইজারা আরও কম হলে ক্রেতা-বিক্রেতা আরও বাড়বে। প্রতিটি খাটের জন্য ৫০ টাকা থেকে ২০০ টাকা খাজনা দিতে হয় ক্রেতাকে।

বিজ্ঞাপন

বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনন্ত জানান, হাটবারের আগের দিন থেকেই আসবাবপত্র আসতে শুরু করে এবং তা হাটবারের রাত অবধি পর্যন্ত চলে বিক্রি।

স্থানীয় ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূঁইয়া বলেন, কাঠের মান ও আসবাবপত্রের দামের কথা বিবেচনা করে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতা এ হাটে আসেন। তাছাড়া ধলাপাড়া ফার্নিচার হাটের সুনাম দেশের সবখানেই রয়েছে।

বিজ্ঞাপন

ধলাপাড়া বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, ধলাপাড়া ফার্নিচার হাটের সুনাম রয়েছে দেশের বিভিন্ন স্থানে। এখানে সপ্তাহে প্রায় কোটি টাকার রেডিমেড ফার্নিচার বিক্রি হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission