ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২২ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার (২১ আগস্ট) একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৭ জুলাই তার নিজের ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। পরে গত ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন। এ মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় চলে গিয়েছিলেন। পরে শনিবার (২১ আগস্ট) একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০টায় তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ।
এদিকে রোববার (২২ আগস্ট) দুপুরে জামালকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামালের পক্ষে বিএনপিপন্থি ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন বলে জানান অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।
উল্লেখ্য, রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
জিএম
