কিছু অসাধু জনপ্রতিনিধির দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে সুনামগঞ্জের ফসলহারা কৃষকদের পুনর্বাসনে ভিজিএফ কার্ড বিতরণ। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ভিজিএফ কার্ড দেবার নামে তাদের কাছ থেকে নেয়া হচ্ছে ঘুষ। কার্ড পাওয়া গেলেও ওজনে কম দেয়া হচ্ছে চাল। এছাড়া টাকার বিনিময়ে ক্ষতিগ্রস্তদের কার্ড না দিয়ে সচ্ছলদের দেয়া হচ্ছে।
সুনামগঞ্জে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩৭টি ফসলরক্ষা বাধ ভেঙ্গে তলিয়ে যায় ১৪২টি হাওর। নষ্ট হয়ে যায় হাওরের এক লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর বোরো ফসল। সম্বলহীন হয়ে পড়েন লাখো কৃষক।
এ অবস্থায় ফসলহারা কৃষকদের পুনর্বাসনে প্রত্যেক কৃষককে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৩৮ কেজি চাল ও ৫শ’ টাকা দেয়ার ঘোষণা দেয় সরকার। কিন্তু কিছু অসাধু জনপ্রতিনিধির দুর্নীতির কারণে শুরুতেই বাধাগ্রস্ত হচ্ছে জেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ। জেলার দরগাপাশা ইউনিয়নের কৃষকদের অভিযোগ, ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কার্ড দেয়ার নামে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ঘুষ আদায় করেছেন।
তাদের অভিযোগ কার্ড পেলেও ওজনে কম দেয়া হচ্ছে চাল। এছাড়া ক্ষতিগ্রস্তদের কার্ড না দিয়ে দেয়া হচ্ছে সচ্ছলদের। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
ভিজিএফ কার্ড বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কার্যকর ব্যবস্থা চান সুনামগঞ্জবাসি।
এসএস
