রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে আরও ২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তারা দু'জনই পুরুষ। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৭০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন।
করোনা শনাক্ত হয়নি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।
বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৫৬টিতে। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০টিতে করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ।
