নিজেদের পকেট খরচের টাকায় এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের হাতে গড়া ‘হেল্পিং উইং’ নামের একটি সামাজিক সংগঠন গত দুবছর করোনা মহামারিতে মানুষের পাশে দাড়িয়ে কুড়িয়েছিলো প্রশংসা। আর এবারের রমজানে প্রতিদিন তাদের উদ্যোগে দুই টাকার ইফতার চাঞ্চল্য তৈরি করেছে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।
‘পাশে থাকুন আমাদের। আলো আসুক আমাদের সবার হাত ধরে’ এই শ্লোগানকে বুকে লালন করে ২০১৯ সালে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থীরা নিজেদের পকেট খরচের টাকায় সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য করার মনোব্রত নিয়ে গড়ে তোলে ‘হেল্পিং উইং’ নামের এই সামাজিক সংগঠন। শুরুতে নিজেদের পকেট খরচের টাকা ও বাবা মায়ের কাছ থেকে টাকা এনে করোনাকালীন স্বল্প পরিসরে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে তাদের যাত্রা শুরু করে সুবিধাবঞ্চিতদের মাঝে। তারপর থেকে বিভিন্ন জায়গায় একের পর এক সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
এদিকে রমজান মাসের শুরু থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জে হাটবাজারে প্রতিদিন সুবিধাবঞ্চিত নানা পেশার মানুষদের মাঝে মাত্র দুই টাকা শুভেচ্ছা মূল্যে সংগঠন থেকে তুলে দিচ্ছেন রকমারি ইফতার সামগ্রীর প্যাকেট।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘হেল্পিং উইং’ তাদের ধারাবাহিক ইফতার বিতরণে ২৪তম দিন অতিবাহিত করেছে। তাদের এই উদ্যোগ এবং সেখানে ইফতারি নিতে আসা সমাজের সুবিধাবঞ্চিত শিশু থেকে বয়স্কদের মাঝে ছিল এক ধরনের পরিতৃপ্তি। মাত্র দুই টাকার শুভেচ্ছা মূল্যে তাদের এই বিশাল ইফতার আয়োজন। এক একটি প্যাকেটে ছিল আখনী, পিয়াজু, ছোলাসহ হরেক রকম আইটেম সঙ্গে এক বোতল পানি।
এদিকে সমাজের সুবিধাবঞ্চিত অনেক মানুষ আছেন যারা আত্মসম্মান বোধ থেকে বিনামূল্যে কোন কিছু নিতে চান না। কিন্তু ‘হেল্পিং উইং’ এর সদস্যরা সেই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দিতে চান নূন্যতম মূল্যে। এতে করে তাদের লক্ষ্য মানুষের কল্যাণ এবং যারা সুবিধা নিচ্ছেন তাদের আত্মসম্মান বোধ বজায় রাখা।
কেন দুই টাকা শুভেচ্ছা মূল্যে এই ইফতারির আয়োজন, সে বিষয়ে ‘হেল্পিং উইং’ এর উদ্যোক্তা ফারহান হোসেন চৌধুরী এবং সংগঠনের ছেলে-মেয়েরা জানান, বিশেষ দিনগুলোতে একদিনের জন্য বিনামূল্যে সুবিধাবঞ্চিতদের মাঝে অনেকে নানা ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। কিন্তু অনেকে আত্মসম্মানবোধ থেকে এসব সামগ্রী বিনামূল্যে নিতে চান না। তাই সুবিধা বঞ্চিত এসব মানুষদের আত্মসম্মানবোধকে মূল্য দিয়ে এবং বিত্তবানদের মাঝে সেতুবন্ধন তৈরি করতে তারা মাত্র দুই টাকা শুভেচ্ছা মূল্যে ইফতারের প্যাকেট দিচ্ছেন। মানুষদের হাতে ইফতার তুলে দিতে পেরে তারা বেশ খুশী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘হেল্পিং উইং’ এর এসব শিক্ষার্থীরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই বয়সে তাদের এমন মহতী উদ্যোগ, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সুশীল সমাজের কাছেও।





