দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ জুন ২০২৩ , ০৭:২৯ পিএম


দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় জোহানসবার্গের সোয়েটোর মিডল্যান্ডস এলাকায় এ ঘটনা ঘটে। তার মরদেহ সে দেশের বারাগওয়ানা হাসপাতালে রাখা হয়েছে।

মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার মো. আবিদ মিয়ার ছেলে। তিনি সাত ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

প্রবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় নিজের প্রতিষ্ঠানে বসা ছিলেন হারুন। এ সময় সে দেশি কয়েকজন অস্ত্রধারী তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। বাধা দিলে হারুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পর স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় মিডল্যান্ডসে নিজের প্রতিষ্ঠানে ডাকাতের হামলার শিকার হয়ে প্রাণ হারান মো. হারুন। রাতে মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হারুনের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission