লঙ্কা সিরিজে ভরাডুবির কারণ জানালেন সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০৬:৫৩ পিএম


সুজন
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে সুজনের ভাষ্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, পুরো কম প্রস্তুতি সম্পন্ন একটি দল খেলেছে। ওইখানে যে সফলতা আসবে না; এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। ছেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে। লাল বলের চর্চাটা কমে যাচ্ছে। আমরা বিপিএল, ডিপিএল শেষ করলাম। এরপর আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলি, আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল? ডিপিএলে খেলছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’

এদিকে দলের এমন ভরাডুবির পেছনে টিম ম্যানেজমেন্টের দায়ও দেখছেন বিসিবির এই পরিচালক। তার মন্তব্য, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। দুটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল, লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন তারা করেননি, তারা জানে। শ্রীলঙ্কা সিরিজ দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। এটা আমাদের প্রস্তুতির অভাব। আশা করি, বিসিবি থেকে উদ্যোগ নেওয়া হবে; আমাদের লাল বলের প্লেয়াররা হয়তো প্রিমিয়ার লিগের পর একটা বিশ্রাম নিয়ে রাজশাহী বা বগুড়া চলে যাবে লম্বা ট্রেনিং ক্যাম্পের জন্য। ওইটা যদি হয়, তাহলে বলতে পারি সামনে যেসব টেস্ট ম্যাচ হবে সেখানে আমরা ঘুরে দাঁড়াব।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে দারুণ লড়াই করলেও ২-১ ব্যবধানে হেরে যায় শান্তর দল। সাদা বলে সিরিজে জমজমাট লড়াই করলেও লাল-বলে পাত্তাই পায়নি টাইগাররা। তালগোল পাকিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই ব্যর্থ ছিল তারা। ফলে ২-০ ব্যবধানে সিরিজটা হেরেছে টাইগাররা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission