৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৬ লাখ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১১:৩৭ পিএম


৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৬ লাখ
ছবি : আরটিভি

নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের দখল হতে লুট হওয়া ৬০ লাখের মধ্যে ১৬ লাখ টাকা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার ১ জন ও ১০ এপ্রিল ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার। 

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭), মাধবদী থানার জিতরামপুর (চরদিঘলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় (২৪) ও সদর থানার নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০)।  গ্রেপ্তারকৃত বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে ঘটনার বিবরণসহ জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।  

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মো. দেলোয়ার হোসেন পাঠান ও মো. শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর হতে রায়পুরা যাওয়ার পথে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে গত ১০ এপ্রিল শিবপুরের কলেজ গেইট এলাকা হতে হৃদয় ও সোলাইমান মিয়া নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা জব্দ করা হয়। 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে বিধান মিয়া নামে জড়িত আরও ১ জনকে গ্রেপ্তার ও নিকট হতে লুষ্ঠিত টাকার ১৪ লাখ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দীতে বিধান মিয়া জড়িত থাকার কথা স্বীকার করে মোট ৬ জনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে জনপ্রতি ১৪ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নেয় বলে স্বীকার করে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে ৪টি ও মো: হৃদয়ের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নরসিংদী শহর হতে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের ২ কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission