লংগদুতে ২ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফের অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৯:২৯ পিএম


লংগদুতে ২ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফের অবরোধ
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির লংগদুতে প্রসীত বিকাশের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। 

সোমবার (২০ মে) রাঙ্গামাটি জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ দিকে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়িতে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা।

সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেন। সন্তু লারমা জনগণের স্বার্থের বিপরীতে গিয়ে সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন বলেও মনে করেন তারা।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে চুক্তির নামে সন্তু লারমা জনগণের সঙ্গে বেঈমানি করেছেন। এখন জনগণের পক্ষে যারা আন্দোলন করছেন তাদেরকে হত্যা করে সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। এ সময় সন্তু লারমাকে খুনি-সন্ত্রাসীদের গডফাদার আখ্যায়িত করে তাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানান তারা।

প্রসঙ্গত, শনিবার (১৮ মে) সকালে লংগদুর বড়হাড়িকাবার ভালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে একটি সশস্ত্র দল ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্যমতি চাকমা (৩৫) নিহত হন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission