তিতাসের কূপ থেকে দৈনিক গ্যাস উঠবে ১২ মিলিয়ন ঘনফুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মে ২০২৪ , ১১:১১ পিএম


তিতাসের কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, দৈনিক উঠবে ১২ মিলিয়ন ঘনফুট
ছবি : আরটিভি

আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

শনিবার (২৫ মে) বিকেল পৌনে ৬টায় জ্বালানি সচিব মো. নূরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ কূপটি থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১০ বছরে এ কূপ থেকে প্রায় ২৬শ’ কোটি টাকার গ্যাস উত্তোলন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক চৌধুরী ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক ২৯ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপটি ২০০০ সালে খনন করা হয়। 

তবে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি উঠায় ২০২১ সালের ১ নভেম্বর গ্যাস কূপটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তিতাসসহ দেশের পাঁচটি গ্যাস ফিল্ড পরিচালনা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। সম্প্রতি ৫২৩ কোটি টাকা ব্যয়ে তিতাসের ১৪ নম্বর কূপসহ ৭টি কূপ ওয়ার্কওভারের প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল। 

এ প্রকল্পের আওতায় গত ১৯ মার্চ তিতাসের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ৭৫ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার কাজ শেষ করে তারা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission