সেন্টমার্টিনে পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৮:৪২ পিএম


সেন্টমার্টিনে পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
ছবি : আরটিভি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেন্টমার্টিনের চারপাশে সমুদ্রের পানির উচ্চতা হু হু করে বাড়ছে। ইতোমধ্যে দ্বীপের চারপাশে আগের তুলনায় সমুদ্রের পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়ে গেছে। এ কারণে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল থেকে টেকনাফসহ সেন্টমার্টিনে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি ওসমান গণি।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ সংকেত জানার পরপরই টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে সেন্টমার্টিসহ টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলায় মাইকিং করা হয়। ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। জলোচ্ছ্বাসের বিষয়টিও মাথায় রেখে আমরা নিরাপদে আশ্রয়ে যেতে দ্বীপটির স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছি।’ 

যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় পুলিশের টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

এ দিকে সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, ‘সকাল থেকে দ্বীপে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতির তীব্রতা বেড়েছে। পাশাপাশি জোয়ারে বঙ্গোপসাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা দ্বীপের লোকজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে যেতে মাইকিং করছি। কিন্তু এখনো কোনো মানুষ ঘরবাড়ি ছেড়ে যায়নি।’ 

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘বিপদ সংকেত বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সেন্টমার্টিনসহ টেকনাফের উপকূলে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যেতে মাইকিং করা হয়েছে। দ্বীপসহ উপকূল ইউনিয়নে পর্যাপ্ত শুকনো খাবার-পানি মজুত রাখার পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission