ভাগ্নিকে পৈশাচিক নির্যাতন, মামা-মামি আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ১০:৪৮ পিএম


ভাগ্নিকে পৈশাচিক নির্যাতন, মামা-মামি আটক
ছবি: আরটিভি

কারণে অকারণে ভুল ধরে ভাগ্নি রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় আপন মামি রোকেয়া বেগম। এ ঘটনায় পুলিশ রুজিনাকে উদ্ধার করে এবং মামা মামিকে আটক করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের মাদরাসা রোডের মামা রুবেল মোল্লার বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আপন মামাতো বোন শিশু রাজিয়া ও মামাতো ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশুনা করার জন্য গত ৬ মাস পূর্বে রুজিনাকে (২০) আনা হয় চাঁদপুর শহরের মাদরাসা রোডের মামা রুবেল মোল্লার বাসায়। আনার পর থেকে কারণে অকারণে ভুল ধরে রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় মামি রোকেয়া বেগম। নির্যাতন সইতে না পেরে মামার বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুজিনা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। ঘটনা জানাজানি হওয়ার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে মামা ও মামিকে আটক করে।

বিজ্ঞাপন

ওই এলাকার বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করতে থাকে। তাকে কথায় কথায় নির্যাতন করা হয়, মামার বাসা থেকে সে পালিয়ে এসেছে বলে জানায়। পরে তার অবস্থা দেখে পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

নির্যাতনের শিকার রুজিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভূঁইয়ার মেয়ে। তার দুই মেয়ে ও তিন ছেলে।

বিজ্ঞাপন

আটক রুবেল মোল্লা একই গ্রামের মোল্লা বাড়ীর আবুল মোল্লার ছেলে। রুজিনা তার আপন ভাগ্নি। রুবেলের বড় ভাগ্নিকে বাসা থেকে তার শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য গত ছয় মাস পূর্বে এই বাসায় আনেন। রুবেল মোল্লা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

নির্যাতনের শিকার রুজিনা বলেন, গত ৬ মাস পূর্বে তাকে মামার বাসায় কাজ করার জন্য আনা হয়। কাজ করার সময় কারণে অকারণে তার মামি মারধর করতেন। কোনো ভুল হলেই মারধর করতেন এবং গালমন্দ করতেন। কাজ করলে ভুল হতেও পারে। আমাকে পুতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গত ৪ মাস এইভাবে মারধর করে। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভালো হয় না।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাটি জেনে থানায় আসেন রুজিনার বাবা আলী আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন, আমার মেয়ে এমন নির্যাতনের শিকার আমি জানতাম না। বাড়িতে নিয়ে আসার জন্য বললে পরে নিয়ে আসব বলতো। রুজিনা ঢাকায় আমার বড় মেয়ের কাছে ছিল। সেখান থেকে আমাকে না জানিয়ে রুবেলের বাসায় নিয়ে আসে। রোকেয়া আমার মেয়েকে এমন নির্যাতন করেছে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এই নিষ্ঠুর মহিলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। মেয়ের এমন পরিস্থিতি দেখে তিনি কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে গৃহকর্মী মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ছাড়া মেয়েটির পরিবারকেও জানানো হয়েছে। অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত রুজিনাকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরটিভি/এএএ-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission