সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৭:০৪ পিএম


সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না: এ্যানি
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। ফ্যাসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরী। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেবো না। মেনে নেওয়া হবে না, কোন সুযোগ দেওয়া হবে না। আমাদের  ঘাম, শ্রম ও রক্ত আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি তারাতো পালিয়ে গেছে। কিন্তু তাদের সবলোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহবায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission