গুলি করে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৬:৪০ পিএম


গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফে নাফ নদে গুলি করে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।

বাংলাদেশি ৩ জেলে হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ  হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে যান। এ সময় দুপুরে হঠাৎ করে মিয়ানমার সীমানা থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায়। এ ঘটনায় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসে।

এ বিষয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে দুঃচিন্তা বাড়ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission