কোরবানির পশুর বর্জ্য হালদা নদীতে, পরিবেশ অধিদপ্তরের মামলা

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ১১:০৯ পিএম


কোরবানির পশুর বর্জ্য হালদা নদীতে, পরিবেশ অধিদপ্তরের মামলা
ছবি : সংগৃহীত

কোরবানির পশুর বর্জ্য ফেলে হালদা নদী দূষণের অভিযোগে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১০ জুন) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এ মামলা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা যায়, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেরপারী খালের তেরপারী ব্রিজ সংলগ্ন খালে কোরবানির পশুর ৫০০ চামড়া ও বর্জ্য ফেলার ঘটনা ঘটে। তেরপারী খালটি হালদা নদীর শাখা খাল হিসেবে পরিচিত। 

এ ঘটনায় মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের টিম। পরিদর্শন শেষে পরিবেশ দূষণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে তেরপারী খালে ফেলা চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ঈদের পরের দিন ৮ জুন চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে পশুর অবিক্রীত চামড়া এনে তেরপারী খালে ফেলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০ থেকে ৭০০ পিস চামড়া খাল থেকে তুলে গর্তে পুঁতে রাখেন।

তিনি আরও বলেন, তেরপারী খালের সঙ্গে মিশে আছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলার কারণে নদীটি দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission