মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবি

এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ এখনও ২

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০১:০৩ পিএম


এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ এখনও ২
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামে মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী। এরই মধ্যে চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে ক্লাস নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এরমধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একজনের মরদেহ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে।

চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনও বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। এর শেষ কোথায়?

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ ২ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি ময়মনসিংহ জেলার অন্তর্গত হলেও নিখোঁজ শিক্ষার্থীদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission