‘আমাকে খুঁজে লাভ নেই’, যুবদল নেতাকে ফোনে জানালেন যুবলীগ নেতা  

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ০৮:০৬ পিএম


‘আমাকে খুঁজে লাভ নেই’, যুবদল নেতাকে ফোনে জানালেন যুবলীগ নেতা  
ছবি: আরটিভি

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনির সন্ধানে একটি বাড়ি ঘিরে রেখে প্রায় ৩ ঘণ্টা অবস্থান করেন স্থানীয় জনতা।

বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর ভদ্রা লেকের পাশের সান ভিউ এপার্টমেন্টে ৭ম তলার আশপাশে অবস্থান নেন স্থানীয় জনতা। তাদের সঙ্গে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় ওই এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ওই বাড়ির সামনে অবস্থান নেন এবং প্রত্যেক ফ্লোরে ঘরে ঘরে তল্লাশি চালায়। 

সান ভিউ এপার্টমেন্টর কেয়ারটেকার আব্দুল হাকিম জানান, দুপুর ২টায় যুবলীগ নেতা রনি এই বাড়িতে অবস্থান করছে সন্দেহে বেশ কয়েকজন যুবক দৌড়ে গেট খোলার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরবর্তীতে এলাকাবাসী জড়ো হলে গেট খুলে দেওয়া হয়।  

রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো বলেন, যুবলীগ নেতা রনির এই বাড়িতে অবস্থান সন্দেহে ছাত্রদলের ও যুবদলের নেতাকর্মীরা বাড়িটি ঘিরে ফেলেন। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন, এমন তথ্য দিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই ভবনটি নজরদারিতে রেখেছেন তারা।

তিনি আরও বলেন, সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবলীগ নেতা তৌহিদ আল মাসুদ নিজে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানান তিনি সেখানে নেই, অনেক দূরে অবস্থান করছেন। এ সময় তল্লাশির নামে ওই ফ্ল্যাটের মানুষকে হয়রানি না করার জন্য তিনি অনুরোধ জানান।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যুবলীগ নেতা রনির সন্ধানে ভদ্রা আবাসিকের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। এতে মনিরুজ্জামান খান মণিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক মামলা হয়।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission