গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। এদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার ও অন্যজন হেলপার।
শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার আফরান ফকির (৩৫) ও ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে প্রথম জনের বাড়ি খুলনা ও হেলপারের বাড়ি গোপালগঞ্জে।
কাশিয়ানী হাইওয়ে থানার এস আই রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাক সহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাক দুটির ড্রাইভার ও হেলপার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন।
হঠাৎ করে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস এসে বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দিলে চাপা পড়ে হেলপার ইয়াসিন ও ড্রাইভার অফরান। এ সময় অপর ট্রাকের চালক গুরুতর আহত হয়। পরে আহত দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আজ সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এএএ/এস
