গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ সব উদ্ধার করে।
আটককৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ও ভাইভাই ব্যবসায়ী সমিতির পরিচালক আজাদ মিয়া (৫২), আলেছ উদ্দীনের ছেলে মোশাররফ হোসেন (২৮), মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬১) ও আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ছোটন (২৪)। এদের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজাদ মিয়া ও মোশাররফ হোসেন সম্পর্কে জামাই-শ্বশুর এবং আসাদুল ইসলাম ও মেহেদী হাসান পিতা-পুত্র।
জানা যায়, গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হীরকপাড়া এলাকার ভাই ভাই ব্যবসায়ী সমিতির ঘরের পাশে গত শুক্রবার দিবাগত রাত ৯টায় অভিযান চালায়। সেখানে রাতভর মাটি খুঁড়ে ৩৬টি বড় রামদা, ৪টি চাইনিজ কুড়াল, ১টি নকল পিস্তল, ৩৭ পিস ইয়াবা, ৯টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ উদ্ধার করে। এ সময় সেনাবাহিনী চারজনকে আটক করে। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। আটককৃতদের গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
আরটিভি/এএএ -টি





