শীতলক্ষ্যায় গোসলে নামে কিশোর, অতঃপর...

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৭:১১ এএম


শীতলক্ষ্যায় গোসলে নামে কিশোর, অতঃপর...
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত ওই কিশোরের নাম আপন হাসান (১৩)। 

শনিবার (৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।

জানা যায়, নিহত আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে ফুটবল তুলতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি বাড়িতে জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে তারা নিখোঁজের খবর পান। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় দ্রুত ঢাকা হেড অফিসের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে ডুবুরি দল পাঠানো হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission