ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৬:৩৪ পিএম


ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ছবি: আরটিভি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম।

নিহতরা হলেন—উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইকবাল হোসেন (৫০)। 

নিহত ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ জানায়, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত আসতেই দ্রুত গতিতে চলা ভালুকাগামী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। 

এ সময় আহত হন আরও দুজন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকের চালক সোহানকে আটক করে ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission