সাগরে ভেসে যাওয়া শিক্ষার্থীকে খোঁজা হচ্ছে ড্রোন উড়িয়ে

আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০২:৩৭ পিএম


সাগরে ভেসে যাওয়া শিক্ষার্থীকে খোঁজা হচ্ছে ড্রোন উড়িয়ে
ছবি: সংগৃহীত

চার দিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানকে এখনও খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার (৮ জুলাই) কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। শনিবার (১২ জুলাই) সকাল থেকে ড্রোন উড়িয়ে সাগরে তার সন্ধান করছে বাংলাদেশ বিমানবাহিনী।

জানা যায়, অরিত্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র। গত মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকত এলাকায় গোসল করার সময় আরও দুই বন্ধুসহ সাগরে ভেসে যান তিনি। পরে দুই বন্ধুর মরদেহ ভেসে এলেও অরিত্র হাসানকে খুঁজে পাওয়া যায়নি।

অরিত্রের বাড়ি বগুড়া জেলায়। তার বাবা সাকিব হাসান ঢাকার একটি ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক। ছেলে নিখোঁজ রয়েছেন জানার পর থেকেই স্ত্রীকে নিয়ে তিনি সমুদ্রসৈকতে অবস্থান করছেন। 

সাকিব হাসান বলেন, সোমবার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা জানায় অরিত্র। আমি যেতে বারণ করেছিলাম। কিন্তু পরদিন সকালে ফোনে জানানো হয়, সে নিখোঁজ। এরপর আমরা কক্সবাজার আসি।

তিনি আরও বলেন, অরিত্র আমার একমাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছি। মেধাবী ছিল ছেলেটা। কিন্তু হঠাৎই সব থেমে গেল। তার অন্য দুই বন্ধুর মরদেহ সৈকতে ভেসে এলেও আমার ছেলের খোঁজ এখনো পাইনি।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজ শনিবার থেকে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া দ্রুতগতির জলযান (স্পিডবোট) দিয়েও সাগর ও নদীর মোহনায় তল্লাশি চলছে। কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী থেকে শুরু করে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission