বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৯:৪২ এএম


বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) রাতে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর একজন শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, কৌশলে অন্য ব্যক্তির মাধ্যমে ফোন করে বিপুলকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। এরপর পূর্ব শত্রুতার জেরে ষষ্ঠীতলা এলাকার বাপ্পী ও তার সহযোগীরা বিপুলের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আখতার হোসেন বলেন, বিপুল ও বাপ্পী এক সময় বন্ধু ছিল। বাপ্পী মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। পরে সুমাইয়া বিপুলকে বিয়ে করলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়। বিভিন্ন সময় আমাদের বাড়ির সামনে বোমাবাজিও করেছে সে। বিষয়টি থানায় জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন, বিপুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission