ঘোষণা ছাড়াই পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৬:১২ পিএম


ঘোষণা ছাড়াই পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ
ছবি: আরটিভি

খুলনা-পাইকগাছা-কয়রা সড়কে বেহাল দশার কারণে পূর্ব ঘোষণা ছাড়াই যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। গাড়ি বন্ধের কারণে শত শত যাত্রী বাসস্টান্ডে এসে বিপাকে পড়েছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছেন। শনিবার রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানার পাশে বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। 

বিজ্ঞাপন

সে কারণে রোববার (১৩ জুলাই) ভোর থেকে সব ধরনের বাস-ট্রাক বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি। 

খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০টি গাড়ি চলাচল করে এবং ৭০টি ঢাকার পরিবহন চলাচল করে এ সড়কে। সড়ক খারাপ হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

image

মনিরুল হুদা নামে এক বাসযাত্রী জানান, আমাকে খুলনা কোর্টে জরুরি কাজে যেতে হবে। বাস বন্ধের কারণে বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেলেও যেতে পারছি না।

বিজ্ঞাপন

আজগর আলী নামে আরও এক যাত্রী বলেন, আমার বাবা খুমেক হাসপাতালে ভর্তি। গাড়ি বন্ধের কারণে খুলনা যেতে পারছি না। আবার থাকতেও পারছি না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, জরুরি কাজের জন্য বাড়িতে এসেছিলাম। কিন্তু এখন যেতে পারছি না। আাবার ১০০ টাকা খরচ করে বাড়ি ফিরে যেতে হবে।

বিজ্ঞাপন

কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী বলেন, কপিলমুনির ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুর মোড়ের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে অনেক যাত্রী কাউন্টার থেকে ফিরে যেতে দেখেছি। এক কথায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

বাস ড্রাইভার আবু বক্কর বলেন, বেহাল সড়কের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। আমরাও চরম ভোগান্তিতে রয়েছি। 

image

বাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মন্ডল বলেন, ১৮ মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৬ স্থানের রাস্তার খুবই খারাপ অবস্থা। তালা থানা-ব্রিজ মোড়ের মধ্যবর্তী স্থান এবং কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা খুবই খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট-বালু ফেলে মেরামতের চেষ্টা করছি। 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, তালা থানার পাশে মালবোঝায় ট্রাক রাস্তার মাঝে নষ্ট হয়েছে। সেজন্য গাড়ি চলাচল বন্ধ আছে। 

খুলনা সওজ নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। অচিরেই সড়ক চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission