আশুগঞ্জে এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা

আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৮:৪৬ পিএম


আশুগঞ্জে এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা সমন্বয় কমিটিতে এক আওয়ামী লীগ নেতার নাম আসায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের কয়েকটি উপজেলার কমিটি ঘোষণা করা হয়, যা দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছেন এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ।

জানা যায়, ঘোষিত কমিটিতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরের নাম রয়েছে। এ ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নবী হোসেন সাগর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৪ সালের ভোট, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এবং স্থানীয় ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে তিনি আলোচিত ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র ও সাধারণ জনগণের ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়।

এ বিষয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন, আমরা বিষয়টি জেনে বিব্রত। তার অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আগে জানা ছিল না। আমরা কেন্দ্রকে জানিয়ে দ্রুত সংশোধনের পদক্ষেপ নেব।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission