‘তোর নাতিন আমরার বাড়ির সামনে গেলে কামড়াইবই’

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১১:২৫ পিএম


‘তোর নাতিন আমরার বাড়ির সামনে গেলে কামড়াইবই’
ছবি: আরটিভি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পোষা কুকুরের কামড়ে তানিশা আক্তার (৫) নামের এক শিশু আহত হয়েছে। পরে বিচার চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়েছে শিশুটির পরিবার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) শান্তিগঞ্জ থানায় বেতকোনা গ্রামের দুদু মিয়া ও তার ছেলে রাসেল মিয়া, জাহিদ মিয়া, ইমান আলী, সুরত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির দাদা সিরাজ মিয়া। এর আগে গত ১৩ জুলাই ভোরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে। 

আহত শিশু তানিশা ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুলাই ভোর আনুমানিক ৬টায় তানিশা আক্তার আরবি পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিবেশী দুদু মিয়ার বাড়ির পালিত কুকুর হঠাৎ তানিশার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। শিশু তানিশার চিৎকার শুনে তার দাদা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং প্রতিবেশীদের জবাবদিহি করতে গেলে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহারের শিকার হন।

তানিশার দাদা সিরাজ মিয়া বলেন, দুদু মিয়ার পরিবারের সঙ্গে আমাদের বিরোধ থাকায় আমরা তার বাড়ি দিয়ে যাতায়াত করি না। আমার নাতিন অবুঝ শিশু সে দুদু মিয়ার বাড়ির দিকে মসজিদে যাচ্ছিল। এ সময় দুদু মিয়ার ছেলেদের ৩-৪টা কুকুর আমার নাতিকে কামড়ে ক্ষতবিক্ষত করে। বিষয়টি নিয়ে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কেন তাদের কুকুর আমার নাতিনকে কামড়াল। তখন তারা উল্টো আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বলে, তোর নাতিন আমরার বাড়ির সামনে গেলে আমরার কুত্তা কামড়াইবই, যা পারছ করিস। এরপর তারা আমাদের প্রাণে মারার হুমকি দেয়।

তিনি জানান, ঘটনার পরপরই শিশু তানিশাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। তবে গুরুতর আহত হওয়ায় পুনরায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

স্থানীয়ভাবে এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। শিশু তানিশার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে বলে জানান তার দাদা সিরাজ মিয়া।

অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত দুদু মিয়া ও তার ছেলে রাসেল মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission