কিশোরগঞ্জের ট্রাকের ধাক্কায় নিহত ২

আরটিভি নিউজ 

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০২:১৪ পিএম


কিশোরগঞ্জের ট্রাকের ধাক্কায় নিহত ২
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। 

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পশ্চিম কুতুবপুর গ্রামের মো. কদর মিয়ার ছেলে মো. সিফাত (১৫) এবং সৌদি আরব প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (১৬)। গুরুতর আহত আমির হামজা (১৭) একই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. গেনু মিয়ার ছেলে। তারা তিনজন বন্ধু ও একই স্কুলের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় সিফাত, হৃদয় ও হামজা একটি মোটরসাইকেলে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিল। পৈলানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিফাত ও হৃদয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়। আহত আমির হামজা বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালমা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৈলানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। একজন গুরুতর আহত হয়ে বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কথা বলতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission