‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

আরটিভি নিউজ  

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৭:০১ এএম


‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি  আব্দুল ওদুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইমরোজ আহমেদ শারুজের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ করেছেন এক তরুণী। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাতেন খাঁর মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। 

অভিযুক্ত ইমরোজ আহমেদ শারুজ রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজিপাড়ার ফিরোজ কবিরের ছেলে।

ভুক্তভোগী তরুণী জানান, ইমরোজ আহমেদ শারুজ সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে ৩টি বিয়ে করেন, বহু নারীর সঙ্গে করেছেন প্রতারণা। এই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ের নাটক করেন ইমরোজ আহমেদ। এক দূর সম্পর্কের মামাকে ডেকে নিয়ে কাজী সাজিয়ে ‘বিয়ে’ করেন ওই তরুণীকে। তবে বিয়ের কোনো কাগজপত্র দেননি তিনি। ২০২৪ ডিসেম্বর পর্যন্ত সংসার করেন ইমরোজ আহমেদ। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তরুণী। বর্তমানে তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শারুজ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেন। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, সাবেক এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক ৩টি বিয়ে করেন ইমরোজ আহমেদ। আমি বিষয়গুলো জানতাম না। তিনি আমার সঙ্গে বিয়ের নাটক করে সংসার করেছেন। সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন আমার সন্তানের বয়স প্রায় আড়াই বছর। কিন্তু আমার সন্তান পায়নি বাবার অধিকার। তিনি এখন আমাকে বলছেন- ‘আমি তোকে বিয়ে করিনি। এতদিন অভিনয় করেছি মাত্র’। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার সন্তানের বাবার পরিচয় চাই।

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এসব কাজ করেছে ইমরোজ। এখন আমাকেও মহানন্দা নদীতে ডুবিয়ে মারতে চায়। আমরা এখন কোথায় যাবো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইমরোজ আহমেদ শারুজের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ধরেননি তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission