দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামে অন্ধ হয়েও কারও কাছে হাত না পেতে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। এমন সংবাদ আরটিভিতে প্রচারের পর ব্যাপক আলোচনায় আসে দৃষ্টিপ্রতিবন্ধী কাজেম আলী।
দেশ-বিদেশে সংবাদ পৌঁছে যায় অন্ধ কাজেম আলীর গরুর সাহায্যে চলাফেরার গল্প। যে গরুটি নিয়ে তিনি চলাফেরা করতেন, সেই গরুটি ছিল অন্যের। এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সদস্য ও দিনাজপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের। পরে তিনি একটি গরু উপহার দিয়েছেন কাজেম আলীকে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রতিনিধি হিসেবে তার ভাই জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পেস এগ্রোভেটর ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমানসহ নেতাকর্মীরা গরুটি কাজেম আলীকে দেন।
আরটিভি/এস




