নির্বাচন দ্রুত হতে হবে, নির্বাচন দ্রুত না হলে দেশের অবস্থা ভালো যাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জনগণ সে নির্বাচনের পক্ষে। অন্য কোন পদ্ধতি জনগণ চিনেওনা, বুঝেওনা। ভোট তারা প্রার্থীকে দিতে চায়। যাচাই বাছাই করে পছন্দের প্রার্থী নির্বাচিত করবে। দীর্ঘদিন ধরে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে সে পদ্ধতিই বহাল থাকবে।
আব্দুস সালাম পিন্টু বলেন, এরই মধ্যে অনেক চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। জনগণ সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করবে।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে




