রাজবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাহিদা খাতুন (৭০) ও অনিক মিয়া (২৫) নামে দুজন নিহত হয়েছেন।
রোববার সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদিপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী এবং অনিক মিয়া খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে।
রাজবাড়ীর আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, প্রথম দুর্ঘটনায় গোয়ালন্দ মোড় এলাকায় বাঁশবোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর দুর্ঘটনায় সদর উপজেলার আলাদিপুর এলাকায় নসিমন ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া গুরুতর আহত হন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা দুটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমকে




